দীর্ঘ ২ মাস ৪ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল থেকে খনির ভূগর্ভের নতুন ১৪০৫ নম্বর ফেইজে প্রাথমিকভাবে উত্তোলন কার্যক্রম শুরু করা হয়।
এর আগে গত ১২ আগস্ট ১৩০৯ নম্বর ফেইজের কয়লা শেষ হয়ে যাওয়ায় উত্তোলন বন্ধ হয়ে যায়। ওই ফেইজ থেকে মোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছিল। বন্ধ থাকার সময় পুরোনো ফেইজ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি নতুন ফেইজে স্থানান্তরসহ বিভিন্ন কারিগরি কাজ সম্পন্ন করা হয়।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক জানান, নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে প্রাথমিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে। তবে ফেইজটি ক্রিটিক্যাল হওয়ায় পূর্ণ সক্ষমতায় উত্তোলন শুরু করতে আরও কিছুটা সময় লাগবে। এ ফেইজ থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে খনির কোল ইয়ার্ডে ৬ লাখ মেট্রিক টনের বেশি কয়লা মজুত রয়েছে। অথচ ইয়ার্ডটির ধারণক্ষমতা ২ লাখ ২০ হাজার মেট্রিক টন। নতুন করে উত্তোলন শুরু হওয়ায় খনিতে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।