নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ভগ্নিপতি মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত পরিবারের বাড়িতে হামলা চালান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তিনজনকে আটক করে।
রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মনা ওই বাড়ির আব্দুল খালেক বুলুর ছোট ছেলে। আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমি নিয়ে আব্দুল খালেক বুলু ও আবুল কাশেমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার রাত ৮টার দিকে বুলুর পরিবারের স্থাপন করা সীমানা পিলার কে বা কারা ভেঙে ফেলে। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
রাত ১০টার দিকে মনা তার ভগ্নিপতি মামুনকে সঙ্গে নিয়ে আবারও কাশেমের পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধে জড়ান। একপর্যায়ে কাশেমের ছোট ছেলে ফুয়াদের সঙ্গে মনার হাতাহাতি হয়। স্থানীয়রা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে।
এরপর রাত সাড়ে ১১টার দিকে বাড়ির দরজার সামনে মনা একা অবস্থান করার সময় আবুল কাশেমের ছেলে আরমান ও ফুয়াদসহ পরিবারের কয়েকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় মনার বুক, পেট ও পিঠে ছুরিকাঘাত করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে মামুনও ছুরিকাহত হন।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুনকে ঢাকায় পাঠানো হয়।
এদিকে মনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী আবুল কাশেমের বসতঘরে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কাশেমের স্ত্রী, মেয়ে ও চাচাতো ভাইকে আটক করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।