পিরোজপুরের ভাণ্ডারিয়া বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মো. সহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার মিষ্টিপট্টি এলাকায় ‘সহিদ কবিরাজ’ নামে পরিচিত একটি মুদি, মনিহারি ও ভ্যারাইটিজ স্টোরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভাণ্ডারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, জনস্বার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় মানবদেহের জন্য ক্ষতিকর হাইড্রোজ, নকল, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪ ও ৪১ ধারা লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের পণ্য বিক্রি না করতে তাকে সতর্ক করা হয়েছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন থানা-পুলিশের সদস্যরা।