কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। এ ঘটনায় দুই উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহতরা হলেন এসআই জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাতে ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য কলেজ ক্যাম্পাসে যায়। এ সময় সেখানে পুলিশের সদস্যদের সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তারা আহত হন। রাত সাড়ে ৯টার দিকে আহত পুলিশ সদস্যদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে দেখা যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে রেজিস্ট্রার খাতায় তাদের নাম পাওয়া যায়নি।
কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, তিনি ঘটনার বিস্তারিত জানেন না। সংশ্লিষ্ট কর্মকর্তারা ফিরে এলে বিষয়টি সম্পর্কে জানতে পারবেন।
এদিকে পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে কী কারণে এবং কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।