বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা এবং তার স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা এসব মামলায় তাদের বিরুদ্ধে মোট ৭ কোটি ৮৬ লাখ ৬ হাজার ২৮৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগও রয়েছে।
মঙ্গলবার রাতে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়। কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) সমীরন কুমার মণ্ডল বাদী হয়ে মামলা করেন। শাহীনুল আলম ছানা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারও ছিলেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালে ছানা ও তার স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১৮ মার্চ কমিশনে জমা দেওয়া বিবরণীতে শাহীনুল আলম ছানা ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকার এবং তাঁর স্ত্রী ঝর্ণা আলম ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের হিসাব দেন।
শাহীনুল আলম ছানার বিরুদ্ধে করা মামলার (নং ০২/২০২৬) এজাহারে বলা হয়েছে, নিজের সম্পদ বিবরণীতে তিনি ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকার স্থাবর এবং ৪ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৫৭৯ টাকার অস্থাবর সম্পদের কথা উল্লেখ করেন। সব মিলিয়ে তার ঘোষিত সম্পদের পরিমাণ ছিল ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকা। এর বিপরীতে তিনি ১ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ২৫৫ টাকার দায় দেখিয়েছিলেন।
তবে দুদকের অনুসন্ধানে তার নামে ৩ কোটি ২১ লাখ ১৭ টাকার স্থাবর এবং ৭ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৯৫ টাকার অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া যায়। সব মিলিয়ে এসব সম্পদের মূল্য দাঁড়ায় ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ১১২ টাকা। অন্যদিকে, ব্যাংকঋণসহ তার দায় পাওয়া যায় ১ কোটি ৯৬ লাখ ২ হাজার ৭৩৪ টাকা। দায় বাদ দেওয়ার পর তাঁর নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৮ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৩৭৮ টাকা।
এজাহারে বলা হয়েছে, সম্পদের প্রকৃত হিসাব আড়াল করে শাহীনুল আলম ছানা ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়ার পাশাপাশি তিনি ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজের দখলে রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে। এ মামলায় ঘটনার সময়কাল ধরা হয়েছে ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত।
অন্যদিকে, ছানার স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার (নং ০৩/২০২৬) এজাহারে বলা হয়েছে, তিনি সম্পদ বিবরণীতে নিজের নামে ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদ থাকার তথ্য দিয়েছিলেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তার নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ২৫৮ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এ ক্ষেত্রে ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, দোকানভাড়া ও কৃষি খাত থেকে তার আয় দেখানো হয়েছে ১০ লাখ ৬৫ হাজার টাকা। সঞ্চয়সহ বৈধ সম্পদের হিসাব বিবেচনায় নিয়ে দুদক তার নামে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে। এ মামলায় ঘটনার সময়কাল ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।
দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক (ডিএডি) মো. আবুল কাইয়ুম হাওলাদার মামলার এজাহারের বরাত দিয়ে জানান, অনুসন্ধানে শাহীনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্ণা আলমের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে সম্পদ বিবরণীতে যথাক্রমে ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকা ও ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় পৃথক মামলা করা হয়েছে। এরই মধ্যে মামলা দুটির তদন্ত শুরু হয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শাহীনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্ণা আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাদের ব্যবহৃত দুটি নম্বরই বন্ধ পাওয়া গেছে।