কক্সবাজারের পেকুয়ায় লাইসেন্সবিহীন ছয়টি করাতকলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। এ সময় ছয়টি করাতকলের মেশিন, বিভিন্ন যন্ত্রাংশ ও গাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের চড়াপাড়া বাজারে অভিযান চালানো হয়। সেখানে নুরুল আলমের মালিকানাধীন দুটি এবং আকতার আহমদের মালিকানাধীন একটি করাতকল থেকে তিনটি মেশিনসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। পরে জব্দ করা মালামাল ডাম্পার গাড়িতে করে বারবাকিয়া রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়।
পরে দুপুর দেড়টার দিকে টইটং ইউনিয়নের জালিয়ার চাং এলাকায় ইউনিয়ন পরিষদের পাশে আরও তিনটি করাতকলে অভিযান চালানো হয়। সেখান থেকেও মেশিন, যন্ত্রাংশ ও কিছু গাছ জব্দ করা হয়। তবে এসব করাতকলের মালিকদের নাম-পরিচয় জানা যায়নি।
অভিযানে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান, টইটং বনবিট কর্মকর্তা আবদুল মোতালিব মোমিনসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পেকুয়া থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশ যৌথভাবে হঠাৎ করাতকলগুলোতে অভিযান চালায়। তাদের দাবি, করাতকলগুলোর বৈধ কাগজপত্র ছিল না। অভিযানের সময় শ্রমিকদের সহায়তায় ডাম্পার গাড়িতে করে জব্দ করা মালামাল সরিয়ে নেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম বলেন, ছয়টি করাতকল থেকে মেশিন ও কিছু গাছ জব্দ করা হয়েছে। করাতকলগুলোর বৈধ কাগজপত্র নেই। জব্দ করা মালামাল রেঞ্জ কর্মকর্তার হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।




