পাবনার ঈশ্বরদীতে ভেজাল কীটনাশক ও সার উৎপাদনের অভিযোগে আগে কৃষি বিভাগের কালো তালিকাভুক্ত এক ব্যবসায়ীকে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিয়োগপ্রক্রিয়া ও আবেদনকারীর যোগ্যতা নিরপেক্ষভাবে যাচাইয়ের দাবি জানানো হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ী নিজাম উদ্দীনের মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স সবুজ সাথী কীটনাশক বিতান ও ন্যাপ এগ্রো কেমিক্যাল লিমিটেড।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাড়ইমারী আনন্দ বাজার এলাকায় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মেসার্স সুমন ট্রেডার্সের স্বত্বাধিকারী ও সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানা সুমন মালিথা।
তিনি দাবি করেন, ২০২২ সালের ২৮ আগস্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের অভিযানে ঢুলটি এলাকার ন্যাপ এগ্রো কেমিক্যালকে এক লাখ টাকা জরিমানা করে সিলগালা করা হয়েছিল। তাঁর অভিযোগ, তৎকালীন ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লবের সঙ্গে ব্যবসায়ীর আত্মীয়তার সম্পর্ক থাকায় সিলগালার এক সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠানটি আবার চালু করা হয়।
সুমন মালিথা বলেন, কাউকে ব্যক্তিগতভাবে হেয় করা তাঁদের উদ্দেশ্য নয়। সার ডিলার নিয়োগের প্রক্রিয়া, আবেদনকারীর যোগ্যতা ও অতীতের অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। তদন্তে অনিয়ম বা অযোগ্যতা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অভিযোগ অস্বীকার করে নিজাম উদ্দীন বলেন, সরকারের নীতিমালা অনুসরণ করেই তিনি ডিলারশিপ পেয়েছেন। কারও সুপারিশ বা অনৈতিক উপায়ে নিয়োগ পাননি। একটি পক্ষ রাজনৈতিক পরিচয় সামনে এনে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন বলেন, ডিলার নিয়োগ নিয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইবের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।




