চট্টগ্রামে চুরি করা প্রায় ৭০ লাখ টাকা মূল্যের একটি ডাম্প ট্রাক উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গাড়িটি বিভিন্ন অংশে খুলে বিক্রির পরিকল্পনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, রবিবার (৮ নভেম্বর) পাঁচলাইশ এলাকা থেকে শওকত আলী (৪২) ও আবু তৈয়ব আলীকে (২৯) গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী থানার সাগরিকা সেনবাড়ি রোডে আবু মিস্ত্রির গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে ডাম্প ট্রাকটি উদ্ধারের পাশাপাশি গ্যারেজের মালিক আব্বাস উদ্দিন ওরফে আবু মিস্ত্রিকে (৫৮) আটক করা হয়।
ডিবির প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ২৫ অক্টোবর শওকত আলীর পরিকল্পনায় আবু তৈয়ব ঢাকা থেকে ট্রাকটি চুরি করেন। পরে গাড়িটি চট্টগ্রামে নিয়ে শওকতের কাছে হস্তান্তর করা হয়। চুরি করা ট্রাকটি পরিবহনের জন্য ঢাকায় একটি রোবট গাড়ি পাঠানো হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, ট্রাকটি বিভিন্ন যন্ত্রাংশে ভাগ করে বিক্রির উদ্দেশ্যে আবু মিস্ত্রির গ্যারেজে রাখা হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে যানবাহন চুরি করে সেগুলো খুলে খণ্ডাংশ হিসেবে বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ।