চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। তুরস্কে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতা ‘টেকনোফেস্ট তুর্কিয়ে ২০২৭’-এ অংশ নিতে প্রস্তুতি নেওয়া চুয়েটের গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’কে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী সক্ষমতা প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ সুযোগ ও সহযোগিতা দেওয়া গেলে বাংলাদেশ আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করতে পারবে।
আগামী বছরের মার্চ-এপ্রিলে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার লক্ষ্যে দলটি থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ভিটল) ড্রোন তৈরি করছে। গবেষণা কার্যক্রম ও আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতিতে সহায়তা হিসেবে জেলা প্রশাসন এই অর্থ দিয়েছে।
ড্রোনের বহুমুখী ব্যবহার প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, কৃষি, পণ্য পরিবহনসহ নানা ক্ষেত্রে এ প্রযুক্তির সম্ভাবনা রয়েছে। তবে সামরিক ও ধ্বংসাত্মক কাজে এর ব্যবহারও উদ্বেগের বিষয়। তাই প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগে মানবকল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষার্থীদের প্রকল্পের অগ্রগতি ও সক্ষমতা বিবেচনায় ভবিষ্যতে আরও সহযোগিতার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। প্রয়োজনে সরকারের উচ্চপর্যায় এবং তুরস্কে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমেও সহায়তার ব্যবস্থা করার কথা জানান।
টিম স্টারাপ্টরের দলনেতা রাশিদ আবরার আজমাইন জানান, চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২২ ও ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা যৌথভাবে ড্রোনটি তৈরি করছেন। সামরিক ও বেসামরিক বিভিন্ন কাজে ভিটল প্রযুক্তির ব্যবহার বাড়লেও দেশে এ বিষয়ে গবেষণার সুযোগ সীমিত। সেই ঘাটতি কমানোর লক্ষ্যেই তাদের এ উদ্যোগ।
শিক্ষার্থীদের দাবি, ‘দ্য স্টারাপ্টর’ নামের ড্রোনটি বাংলাদেশের প্রথম সম্পূর্ণ থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিনির্ভর কোয়াডপ্লেন ভিটল ড্রোন। এটি হেলিকপ্টারের মতো খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। পাশাপাশি আকাশে ওঠার পর প্রচলিত উড়োজাহাজের মতো সামনের দিকে উড়তে সক্ষম হবে।
ড্রোনটির পাখার বিস্তার ১ হাজার ৩৪০ মিলিমিটার এবং দৈর্ঘ্য ৯৯০ মিলিমিটার। কার্বন ফাইবার ও বিশেষায়িত থ্রিডি প্রিন্টিং উপকরণ দিয়ে এটি তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের পরিকল্পনা অনুযায়ী, ড্রোনটি সর্বোচ্চ ১৫ কেজি মালামাল বহন করতে পারবে এবং ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে উড়বে।
এতে পিক্সহক ৬সি ফ্লাইট কন্ট্রোলার, রাস্পবেরি পাই কম্পিউটার, জিপিএস ও টেলিমেট্রি প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে সফটওয়্যারের নির্দেশনা অনুসরণ করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো, মালামাল সরবরাহ এবং স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসার সক্ষমতা তৈরির লক্ষ্য রয়েছে দলটির।
রাশিদ আবরার আজমাইন জানান, কৃষি, চিকিৎসা, দুর্যোগ ব্যবস্থাপনা ও পণ্য পরিবহনে এ প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুর্গম এলাকায় জরুরি চিকিৎসাসামগ্রী পৌঁছানো, বন্যাকবলিত এলাকায় ত্রাণ সরবরাহ এবং শহরে দ্রুত পণ্য পরিবহনে ড্রোনটি কাজে লাগতে পারে।
দলটির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে স্থল, আকাশ ও পানিতে চলতে সক্ষম ‘ট্রাই-মোড মোবিলিটি ড্রোন’ তৈরি এবং চুয়েটে স্থায়ী মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) গবেষণা সেল প্রতিষ্ঠা। জেলা প্রশাসনের সহযোগিতা ও অনুদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলনেতা।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং টিম স্টারাপ্টরের সদস্যরা উপস্থিত ছিলেন।




