যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবারের মধ্যে সব মণ্ডপে প্রতিমা স্থাপন, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ শেষ করার কথা রয়েছে। আগামীকাল শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ জানিয়েছেন, নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে অধিকাংশ মণ্ডপে সিসি ক্যামেরা ও জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপগুলোতে সম্প্রীতি কমিটি গঠন এবং আনসার সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
পূজার নিরাপত্তায় ব্যাপক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, মণ্ডপগুলোর নিরাপত্তায় টহল পুলিশ, স্ট্রাইকিং ফোর্স, সাদা পোশাকের পুলিশ ও জেলা বিশেষ শাখার (ডিএসবি) সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মণ্ডপের আশপাশে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজ করবে, যাতে ভক্ত ও দর্শনার্থীদের ভোগান্তিতে পড়তে না হয়।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে বিএনপির নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবেন।
জেলায় এবার ৭৪৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে যশোর সদরে ১৭০টি, অভয়নগরে ১৩৩টি, কেশবপুরে ১০২টি, মণিরামপুরে ১০৩টি, বাঘারপাড়ায় ৯২টি, ঝিকরগাছায় ৬১টি, চৌগাছায় ৫৩টি এবং শার্শায় ৩২টি মণ্ডপ রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সবার সহযোগিতায় উৎসবটি আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে।