জাহাজভাঙা শিল্পে একের পর এক দুর্ঘটনা ও শ্রমিকের প্রাণহানির ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটি। প্রতিটি ইয়ার্ডে কার্যকর নিরাপত্তা পরিদর্শন, দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ ১২ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে (ডাইফ) শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।
স্মারকলিপিতে বলা হয়, জাহাজভাঙা শিল্পে দুর্ঘটনা ও প্রাণহানি বন্ধে প্রতিটি ইয়ার্ডে নিয়মিত ও কার্যকর নিরাপত্তা পরিদর্শন নিশ্চিত করতে হবে। নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মালিকপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি প্রতিটি ইয়ার্ডে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা কমিটি কার্যকর করে তাতে শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ, নিরাপদ কর্মপদ্ধতি ও জরুরি উদ্ধারব্যবস্থা নিশ্চিত করার দাবিও জানানো হয়। দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা, দুর্ঘটনার কারণ, চিকিৎসা ব্যয়, ক্ষতিপূরণ ও পুনর্বাসনসংক্রান্ত তথ্য সংরক্ষণ এবং নিয়মিত প্রকাশের আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া আহত শ্রমিকদের সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বহন, প্রয়োজনীয় পুনর্বাসন ও আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান এবং কর্মক্ষমতা হারানো শ্রমিকদের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। নিহত শ্রমিকদের পরিবারকে শ্রম আইন অনুযায়ী প্রাপ্য ক্ষতিপূরণ ও অন্যান্য সুবিধা যথাসময়ে প্রদানের আহ্বান জানায় সংগঠনটি।
স্মারকলিপিতে শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস রেকর্ড, হাজিরা ও মজুরি পরিশোধের রেকর্ড সংরক্ষণসহ শ্রম আইনে স্বীকৃত অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি ২০২৬ সালের ৭ জানুয়ারি প্রকাশিত জাহাজভাঙা শিল্পের শ্রমিকদের জন্য ২২ হাজার টাকা ন্যূনতম মজুরির খসড়া গেজেট দ্রুত চূড়ান্ত করে কার্যকর করার দাবি জানানো হয়।
শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পেশাগত রোগ শনাক্তকরণ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশদূষণ, ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও বিপজ্জনক বর্জ্যের কারণে শ্রমিক এবং স্থানীয় জনগণের স্বাস্থ্যঝুঁকি কমাতে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া জাহাজভাঙা শিল্পে সংঘটিত প্রতিটি গুরুতর দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট শ্রমিক প্রতিনিধিদের অবহিত করার দাবি জানানো হয়। শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সেফটি কমিটির সঙ্গে নিয়মিত মতবিনিময় ও ত্রিপক্ষীয় আলোচনা আয়োজনের কথাও বলা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাহাজভাঙা শিল্পের প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামোগত আধুনিকায়ন কিংবা গ্রিন ইয়ার্ড প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। একজন শ্রমিক নিরাপদে কর্মস্থলে প্রবেশ করে সুস্থ শরীরে কর্মদিবস শেষে পরিবারের কাছে ফিরতে পারলেই শিল্পের উন্নয়ন অর্থবহ হবে। শ্রমিকের জীবন কোনোভাবেই শিল্পের মুনাফার চেয়ে কম গুরুত্বপূর্ণ হতে পারে না।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক ও শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য শ্রমিকনেতা তপন দত্ত, জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটির যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম চৌধুরী, সদস্য সচিব মো. আলী, যুগ্ম সদস্য সচিব মো. ইদ্রিস, মাহবুব ভান্ডারি, মো. সিরাজ এবং জাহাজভাঙা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক তথ্যকেন্দ্রের সমন্বয়ক ফজলুল কবির মিন্টু।




