ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিক্রির অভিযোগকে কেন্দ্র করে এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামের শান্তামুড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে জহির মিয়া দীর্ঘদিন ধরে বাড়ি থেকে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছেন। এতে এলাকার তরুণদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে। গ্রামবাসী সরল খান অভিযোগ করেন, মাদক বিক্রির প্রতিবাদ করায় দুই দিন আগে জহির দুইজনকে দা দিয়ে কোপ দেন। তাঁদের একজনের হাতে ১৫টি সেলাই দিতে হয়েছে বলে দাবি করেন তিনি।
সরল খান জানান, মাদক বিক্রি বন্ধে বিভিন্নভাবে চেষ্টা করেও কাজ না হওয়ায় শুক্রবার সকালে শতাধিক এলাকাবাসী জহিরের বাড়িতে হামলা ও ভাঙচুর করেন। ঘটনার পর জহিরের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্থানীয়রা জানিয়েছেন।
আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জহিরের বিরুদ্ধে আটটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ছয়টি মাদকদ্রব্যসংক্রান্ত এবং দুটি মারামারির মামলা।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। মাদক ব্যবসার অভিযোগ থাকলে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিতে হবে। জহিরের বিরুদ্ধে থাকা মামলাগুলো পর্যালোচনা করে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।




