বাগেরহাটের কচুয়ায় বিকাশের এক কর্মীর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার সাইনবোর্ড বাজারের গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দেখিয়ে ওই কর্মীকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী বাচ্চু শেখ (৩৫) বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বাসিন্দা। তিনি ‘জাবেদ এন্টারপ্রাইজ’ নামের বিকাশ পরিবেশক প্রতিষ্ঠানে ডিস্ট্রিবিউশন সেলস অফিসার হিসেবে কাজ করেন। বিভিন্ন দোকানে নগদ টাকা ও ই-মানি সরবরাহের দায়িত্ব পালন করেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, লেনদেন শেষে রাস্তা পার হওয়ার সময় দুটি মোটরসাইকেলে আসা পাঁচজন ব্যক্তি তার পথ আটকে দেয়। তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাচ্চু সেটি ধরে চিৎকার শুরু করেন। একপর্যায়ে দুর্বৃত্তরা চাপাতি ও দেশীয় অস্ত্র বের করে তাঁকে ভয় দেখায়। ধস্তাধস্তির মধ্যে তিনি রাস্তায় পড়ে গেলে টাকাসহ ব্যাগটি নিয়ে দুর্বৃত্তরা বাগেরহাট-পিরোজপুর সড়কের দিকে পালিয়ে যায়।
বিকাশ পরিবেশক প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির জানান, তাদের এক কর্মীর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে থানায় অভিযোগ করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত দুই মাসে চিতলমারীসহ বাগেরহাটের বিভিন্ন উপজেলায় একই ধরনের ১০টির বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ২৮ অক্টোবর বাগেরহাট সদরের পুরাতন মাজার মোড় এলাকায় বাংলালিংকের এক বিক্রয় প্রতিনিধির কাছ থেকে এবং ৩ সেপ্টেম্বর ভদ্রপাড়া এলাকায় আরেক বিকাশকর্মীর কাছ থেকে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেওয়া হয়।