বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করে রাখা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর সামনের ক্রেনের (বুম) একটি অংশ ভেঙে পড়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, যান্ত্রিক ও কারিগরি ত্রুটির কারণে ক্রেনটির সামনের অংশ ভেঙে পড়েছে।
সূত্র জানায়, প্রতি সপ্তাহের নিয়মিত মহড়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকালে উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন নিয়ে কাজ চলছিল। সকাল সাড়ে ৯টার দিকে কাজ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে ক্রেনের সামনের একটি অংশ ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
উদ্ধারকারী জাহাজ নির্ভীকের মাস্টার মো. আলমগীর হোসেন জানান, প্রতি সপ্তাহের মতো এবারও নিয়মিত কার্যক্রম চলছিল। ক্রেনটি ধীরে ধীরে নিচের দিকে নামানোর সময় হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেয়। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তারাও বুঝতে পারছেন না। তিনি আরও জানান, দুর্ঘটনার সময় জাহাজের এক কর্মী আতঙ্কিত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
জাহাজটির কমান্ডার আব্দুল্লাহ আল বাকী বলেন, ভেঙে পড়া ক্রেনটি উদ্ধারে কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। এ কাজে সহযোগিতার জন্য নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর আরেকটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশে রওনা হয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সেলিম মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভেঙে পড়া ক্রেনের আঘাতে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের একটি বার্জ বা পন্টুন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে কাজ চলছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, ২০১৩ সালে উদ্ধারকারী জাহাজ নির্ভীককে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে বিআইডব্লিউটিএর ঘাটে স্থানান্তর করা হয়। জাহাজটির উদ্ধার সক্ষমতা ২৫০ টন। বড় ধরনের দুর্ঘটনা ছাড়া সাধারণত এটি চলাচল করে না।