বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে তারা পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন গাড়িটির চালক।
সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে কলাবোঝাই পিকআপটি মানিকতলা এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক সেটির পথ আটকে দেয়। পরে তারা গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়।
পিকআপচালকের ভাষ্য অনুযায়ী, চার থেকে পাঁচজন অজ্ঞাত যুবক মোটরসাইকেলে এসে গাড়িটির কাছে নামে। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে তারা টায়ারে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।