চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নিজ ইউনিয়নে দলটির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাত আড়াইটার দিকে ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপি নেতারা। তবে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যালয়টির টিনের ঘরের একাংশে আগুন লাগে। সড়ক দিয়ে যাওয়ার সময় এক অটোরিকশাচালক আগুন দেখতে পেয়ে তা নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
কার্যালয়টির তদারককারী ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগের লোকজন এ অগ্নিসংযোগ করেছে। ২০১৮ সালেও একই কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল বলে দাবি করেন তিনি।
ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, তারা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করেন। দলীয় কার্যালয়ে এ ধরনের অগ্নিসংযোগ অনাকাঙ্ক্ষিত।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান এ ঘটনার জন্য সংসদ সদস্য ও তার স্বজনদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তিনি বলেন, এরই পরিণতিতে দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, অগ্নিসংযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পুলিশের অভিযানও অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে স্থানীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান। পরবর্তী সময়ে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কার্যালয়টির তদারককারী কাজী সাখাওয়াত হোসেন।