আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে ত্যাগ, সাংগঠনিক ভূমিকা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিতে চায় বিএনপি। দীর্ঘদিনের সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা এবং এলাকায় জনপ্রিয়তা রয়েছে—এমন নেতাদের মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির। তবে বিতর্কিত কিংবা সাধারণ মানুষের সঙ্গে যাদের দূরত্ব রয়েছে, তাদের প্রার্থী করার বিষয়ে অনাগ্রহের কথা জানিয়েছেন দলীয় নেতারা।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন করতে আগ্রহী নেতাদের কাছ থেকে জীবনবৃত্তান্তসহ আবেদন সংগ্রহ করেছে উপজেলা বিএনপি। গত ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ে এসব আবেদন জমা নেওয়া হয়।
আবেদনের সঙ্গে প্রার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ডের বিবরণ, রাজনৈতিক মামলার সংখ্যা, মামলা নম্বর ও এজাহারের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হয়েছে।
দেয়াড়া ইউনিয়নের মনোনয়নপ্রত্যাশী ইদ্রিস আলী বলেন, বিগত সময়ে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি। সেই অভিজ্ঞতার ভিত্তিতে দলীয় মনোনয়ন চেয়েছেন। তবে শেষ পর্যন্ত দল যাকে উপযুক্ত মনে করবে, তার পক্ষেই কাজ করবেন বলে জানান তিনি।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় মনোনয়নপ্রত্যাশীদের আবেদন নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রতিটি ইউনিয়নে একাধিক নেতা নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও অতীত ভূমিকা যাচাই করে যোগ্য প্রার্থী নির্ধারণের লক্ষ্যেই বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে।
খোকন আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়ন করা হবে। তবে আন্দোলনে ভূমিকা থাকলেই কাউকে মনোনয়ন দেওয়া হবে না। জনবিচ্ছিন্নতা কিংবা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে—এমন ব্যক্তিদের প্রার্থী করার বিষয়েও দল সতর্ক থাকবে।
দলীয় নেতাদের প্রত্যাশা, যোগ্য প্রার্থী নির্বাচনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ঐক্য বজায় রেখে নির্বাচনে অংশ নিতে পারবে বিএনপি।




