বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জমান মিল্লাত এমপি বলেছেন, ময়মনসিংহের ত্রিশালেই নির্মাণ করা হবে আন্তর্জাতিক বিমানবন্দর। একই সঙ্গে ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। সরকার ইতোমধ্যে ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করেছে।
বৃহস্পতিবার সকালে ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, প্রথমে বগুড়া বিমানবন্দরের কাজ শুরু হবে। এরপর ত্রিশালে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ শুরু করা হবে। বিএনপি সরকার গঠন করলে জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়নমূলক কাজ পরিচালনা করে। ত্রিশালে বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ব্যাপক উন্নয়ন ঘটবে। অল্প কিছুদিনের মধ্যেই ত্রিশালে পর্যটন এলাকার উন্নয়ন দৃশ্যমান হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা দ্বিতীয় জিয়াউর রহমান পেয়েছি। তিনি প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন। ত্রিশালসহ দেশকে মাদকমুক্ত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী বলেন, ত্রিশাল ইতোমধ্যে উন্নত উপজেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। আধুনিক ত্রিশাল গড়ে তোলার দায়িত্ব আপনাদের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমানের হাত ধরেই এগিয়ে যাবে। কপালে থাকলে তিনিও যেকোনো সময় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন।
সরকারি চাকরিজীবীদের উদ্দেশে তিনি বলেন, এ দেশে আওয়ামী লীগ আর ফিরে আসবে না। আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করে যান।
ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃর্ধা, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।