লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পৌর শাখার সদস্য সচিবের পদসহ দলের সদস্যপদ ছেড়েছেন জহিরুল ইসলাম জহির। সোমবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান।
সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ঘোষণায় ব্যক্তিগত কারণ উল্লেখ করে দলের সব সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। পরে সাংবাদিকদের কাছেও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
জহিরুল ইসলাম বলেন, ব্যক্তিগত সমস্যার পাশাপাশি আরও কিছু কারণে তিনি দল ছেড়েছেন। তবে অন্য কারণগুলো এখনই প্রকাশ করতে চান না।
স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তার বাবা দুলাল আটিয়া ২০২৫ সালে ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে তিনি পৌর বিএনপির সদস্য ছিলেন। চলতি বছরের ২১ জানুয়ারি জহিরকে এনসিপির রামগঞ্জ পৌর শাখার সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়।
এ বিষয়ে এনসিপির লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক মাছুম বিল্লাহর বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রামগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মামুন হোসেন জানান, ফেসবুকে জহিরের পদত্যাগের ঘোষণা তিনি দেখেছেন। তবে দল ছাড়ার পেছনের কারণ সম্পর্কে তিনি অবগত নন।