সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে জব্দ করে রাখা একটি কার্গোর কয়লায় আগুন ধরেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
হাড়বাড়িয়া থেকে বিদেশি কয়লা পাচারের সময় গত ১৮ অক্টোবর বিকেলে বনরক্ষীরা ভোলা নদীতে ৯ পাচারকারীসহ কার্গোটি আটক করেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, বুধবার সকালে রেঞ্জ অফিসসংলগ্ন ভোলা নদীতে নোঙর করে রাখা কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখেন বনরক্ষীরা। পরে তারা শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদীতে পাম্প মেশিন স্থাপন করে কয়লার ওপর পানি ছিটিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। বড় ধরনের অগ্নিকাণ্ড এড়াতে কার্গো থেকে কয়লা নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আফতাব ই আলম বলেন, কার্গোর নিচে কয়লার তাপে আগুনের সৃষ্টি হয়ে ধোঁয়া বের হচ্ছিল। বর্তমানে ধোঁয়া নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে দ্রুত কয়লা খালাসের জন্য বন বিভাগকে পরামর্শ দেওয়া হয়েছে।
শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানান, গত ১৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় বনরক্ষীরা ইন্দোনেশিয়ার ২৩০ টন কয়লাবোঝাই একটি মিনি কার্গোসহ নয়জনকে আটক করেন। আটক ব্যক্তিরা মোংলার জয়মনি এলাকায় একটি মাদার ভ্যাসেল থেকে কয়লা বোঝাই করে নির্ধারিত গন্তব্যে না গিয়ে অবৈধভাবে সুন্দরবনের মধ্য দিয়ে অন্যত্র পাচারের চেষ্টা করছিলেন। কয়লার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা করা হয়। পরে নয় আসামিসহ কয়লাবোঝাই কার্গোটি শরণখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলার আসামিরা বাগেরহাট কারাগারে রয়েছেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, জব্দ করা কার্গোর কয়লা শরণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন সুন্দরবনের পাশে খালাসের ব্যবস্থা নেওয়া হচ্ছে।