জামালপুরের মাদারগঞ্জে রাস্তা মেরামতের কাজে বাধা দিয়ে চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিনকে মারধর এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির বহিষ্কৃত দপ্তর সম্পাদক আবু সাঈদ সুজনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে নিজাম উদ্দিনের ভাই মো. লেমন মোল্লা মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগটি করেন। এতে আবু সাঈদ সুজনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ভারী বর্ষণে চরপাকেরদহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হলে সেটি মেরামতের উদ্যোগ নেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন। এ সময় আবু সাঈদ সুজন কয়েকজন সহযোগীকে নিয়ে সেখানে গিয়ে কাজে বাধা দেন এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে নিজাম উদ্দিনকে মারধর করা হয়। এ সময় তার কাছে থাকা ৭০ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত নিজাম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিজাম উদ্দিনের ভাই লেমন মোল্লার অভিযোগ, দেশি অস্ত্র দিয়ে তার ভাইকে মারধর করা হয়েছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আবু সাঈদ সুজন ও তার সহযোগীদের জড়িত থাকার অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আবু সাঈদ সুজন। তার দাবি, রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে ডেকে নিয়ে মারধর করা হয়েছে। বর্তমানে তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিনকে মারধর ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।