চট্টগ্রাম কাস্টমস হাউসে পণ্য পরীক্ষণের জন্য জারি করা ১৪টি নির্দেশনা নিয়ে আপত্তি তুলেছেন ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্ট নেতারা। গত ২ নভেম্বর জারি করা অফিস আদেশটি প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন তারা। দাবি পূরণ না হলে কার্যক্রম বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন ব্যবসায়ীরা।
সমাবেশে বক্তারা বলেন, নতুন নির্দেশনা বাস্তবায়িত হলে পণ্য পরীক্ষণের নামে আমদানিকারকদের ভোগান্তি বাড়বে। বিশেষ করে শতভাগ পণ্য পরীক্ষণের ব্যবস্থা চালু হলে কাস্টমস ও বন্দরে পণ্য খালাসের গতি কমে যাবে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রমে দীর্ঘসূত্রতা তৈরির পাশাপাশি ব্যবসায়িক ব্যয়ও বাড়বে।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল ইসলাম। তিনি বলেন, সরকারের ব্যবসা সহজীকরণের উদ্যোগের সঙ্গে কাস্টমসের নতুন আদেশের সামঞ্জস্য নেই। এ ধরনের নির্দেশনা কার্যকর হলে পোর্ট চার্জ ও শিপিং এজেন্টের খরচসহ আমদানি-সংশ্লিষ্ট ব্যয় বেড়ে যাবে। এতে ব্যবসায়ীরা বাড়তি চাপের মুখে পড়বেন।
তিনি আরও বলেন, কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তারা। এমন ব্যবস্থা চান, যাতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এক দিনের মধ্যে শেষ করে আমদানিকারকরা পণ্য বুঝে নিতে পারেন। এ জন্য নতুন আদেশের বৈষম্যমূলক ও হয়রানিমূলক নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান তিনি।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী বলেন, নতুন আদেশ প্রকাশের পর থেকেই ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে গত রোববারও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় হয়েছে। দীর্ঘ ৪০ বছর ধরে পণ্য শুল্কায়ন ও পরীক্ষণের কার্যক্রম চলে আসছে। বন্দরের কার্যক্রম ডিজিটাল করার উদ্যোগের মধ্যে নতুন করে জটিলতা সৃষ্টি করা হচ্ছে। এভাবে চলতে থাকলে একটি পণ্য খালাস করতেও ১০ দিন লেগে যেতে পারে।
এর আগে গত রোববার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে স্ট্যান্ডিং কমিটিগুলোর যৌথ সভায় আমদানি-রপ্তানি কার্যক্রমের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সেখানে কাস্টমস হাউসের সার্ভার জটিলতা, পণ্য খালাসে বিলম্ব, কায়িক পরীক্ষায় অতিরিক্ত কড়াকড়ি এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা দূর করার দাবি জানানো হয়।
অফিস আদেশে ১৪ নির্দেশনা
চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার (চলতি দায়িত্ব) মুহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত ২ নভেম্বরের অফিস আদেশে পণ্য পরীক্ষণের জন্য ১৪টি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে পরীক্ষণের স্থান নির্ধারণ, কর্মকর্তা নিয়োগ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং প্রতিবেদন তৈরির প্রক্রিয়া নির্দিষ্ট করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, একাধিক কনটেইনারে পণ্য থাকলে যে জোনে কনটেইনারের সংখ্যা বেশি, সেখানেই পরীক্ষণ সম্পন্ন করতে হবে। পরীক্ষণকারী কর্মকর্তার নাম-স্বাক্ষর সংরক্ষণ এবং সংশ্লিষ্ট রেজিস্টারে তথ্য লিপিবদ্ধ করতে হবে। পরীক্ষণের আগে টিওএস বা অ্যাসাইকুডা সিস্টেমের মাধ্যমে কনটেইনারের অবস্থান নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
এ ছাড়া এলসি, বিল অব লেডিং, কমার্শিয়াল ইনভয়েস ও প্যাকিং লিস্টের তথ্যের সঙ্গে পণ্যের বিবরণ মিলিয়ে দেখা, কনটেইনার ও সিল নম্বর যাচাই এবং পণ্যের শুল্ক-কর, মূল্য ও আমদানি যোগ্যতা পরীক্ষা করার নির্দেশনা রয়েছে। কোনো অসত্য ঘোষণা বা অনিয়ম ধরা পড়লে তা রেজিস্টার ও পরীক্ষণ প্রতিবেদনে উল্লেখ করতে হবে।
কাস্টমস আইন, ২০২৩-এর ২৬৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।




