কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ডিবি পুলিশের তিন সদস্যের আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিবউদ্দীন জনি বাদী হয়ে মামলাটি করেন। তবে এজাহারে উল্লেখ করা ব্যক্তিদের নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে যায় ডিবি পুলিশের একটি দল। এ সময় মাদকসেবীদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পুলিশের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।
হামলায় ডিবির এসআই রকিবউদ্দীন জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান আহত হন। পরে তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার পর তাঁরা হাসপাতাল ছাড়েন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুকুল ইসলামও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, মাদক উদ্ধারের অভিযানে গিয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় মামলা হয়েছে। এজাহার হাতে পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।