৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে রংপুর বিভাগের শ্রেষ্ঠ আটটি সমবায় সমিতি ও চারজন সমবায়ীকে পুরস্কৃত করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
বিভাগীয় প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল মোতালেব সরকার। তিনি পুরস্কারপ্রাপ্ত সমবায় সমিতি ও সমবায়ীদের হাতে সম্মাননা তুলে দেন।
জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, জেলা সমবায় কর্মকর্তা জাহিদুল হাসান, বড় রংপুর নগর মীরগঞ্জ কৃষি সমবায় সমিতির সভাপতি নাজমুল আলম নাজু এবং রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি রোজোয়ানা ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, সমবায় আন্দোলনকে শক্তিশালী করা গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ সম্ভব। এ জন্য সমবায় সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মকে সমবায়ের আদর্শ ও মূলমন্ত্রে উদ্বুদ্ধ করতে হবে।
এর আগে ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিনব্যাপী পণ্য মেলার উদ্বোধন করেন অতিথিরা।
মেলায় রংপুরের ২১টি সমবায় সমিতি তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের স্টল নিয়ে অংশ নেয়। অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন।