কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান (২৬) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, সীমান্তকেন্দ্রিক চোরাকারবারে জড়িত একটি চক্রের গুরুত্বপূর্ণ সদস্য তিনি।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকায় ইছারপুল সেতু থেকে তাকে আটক করা হয়। রাত আড়াইটার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সীমান্তের ২০৫৭/২-এস নম্বর পিলার থেকে প্রায় ৩০০ গজ ভেতরে সেতুর ওপর মেহেদী হাসানের অবস্থান শনাক্ত করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তার সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।
গ্রেপ্তার মেহেদী হাসান ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কালামচেররা থানার গৌরাঙ্গলা গ্রামের খোকন মিয়ার ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, প্রাথমিক তদন্তে ওই ব্যক্তির বিরুদ্ধে সীমান্ত এলাকার চোরাকারবারি চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।