শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের উদ্যোগ নিয়েছিলেন। সে সময় লক্ষ্মীপুরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও সরকারীকরণের আওতায় আসে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার প্রসারে আন্দোলন, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু এবং শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া আজ বেঁচে না থাকলেও তাদের সন্তান তারেক রহমান শিক্ষার উন্নয়ন এবং নতুন প্রজন্মকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
জুলাই আন্দোলনে আত্মত্যাগের প্রসঙ্গ তুলে ধরে এ্যানি বলেন, রাষ্ট্র সংস্কারের আন্দোলনে অনেকে ত্যাগ স্বীকার করেছেন, শহীদ হয়েছেন এবং অনেক পরিবার নিঃস্ব হয়েছে। এসব পরিবারের প্রতি শুধু সমবেদনা জানানো নয়, কীভাবে তাদের পাশে দাঁড়ানো যায়, সে বিষয়েও সরকার বিশেষ নজর দিচ্ছে। লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ও পুলিশ সুপার মো. আবু তারেক।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।