প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠছে রাজশাহী। আগামী ২০ অক্টোবর তার আগমন উপলক্ষে নগরীর রাজশাহী ধর্মসভা ও ঐতিহাসিক মাদ্রাসা ময়দান সাজিয়ে তোলা হচ্ছে। সফর নির্বিঘ্ন করতে জনসভাস্থল প্রস্তুত, নগরীর সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় কাজ করছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর দুপুরে রাজশাহী ধর্মসভায় শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে স্থানীয় বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এ ছাড়া স্থানীয় আলেমদের মধ্যে প্রণোদনার চেক বিতরণের কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সফর সফল করতে রাজশাহী মহানগর পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার রাতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, স্থানীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির নেতারা অংশ নেন।
এদিকে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন মাদ্রাসা ময়দানের জনসভাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি মাঠের পরিচ্ছন্নতা, দেয়াল রং, মাঠসংলগ্ন সড়ক সংস্কারসহ সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নগরবাসীর জন্য আবেগ ও অনুভূতির বিষয়। তাকে একনজর দেখতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সফর সফল করতে বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং সনাতন ধর্মাবলম্বীদের নেতাদের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে রাসিকের কার্যক্রম জোরদার করা হয়েছে। সড়ক বিভাজকে আলোকসজ্জা ও রং করা, প্রয়োজনীয় সড়ক সংস্কার এবং পরিবেশ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।