চট্টগ্রামে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগে শাহ আলম নামে এক ব্যক্তিকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ধর্ষণসহ ১৩টি মামলা রয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নগরীর সদরঘাট থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, গত ৫ নভেম্বর ভোরে সদরঘাট থানার আইচ ফ্যাক্টরি রোডে কলেজিয়েট স্কুলের বিপরীতে একটি ভাড়া বাসায় ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে কয়েকজনের টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় শাহ আলম ও তার সহযোগীরা। এ সময় মানিক নামে এক যুবকের ভাতিজার চিকিৎসার জন্য রাখা ৪০ হাজার টাকা নেওয়ার চেষ্টা করে তারা। বাধা দিলে মানিকের উরুতে ছুরিকাঘাত করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী আবু রায়হান সদরঘাট থানায় মামলা করেন। মামলায় শাহ আলমসহ চারজনকে আসামি করা হয়। সদরঘাট থানা মাদারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, শাহ আলমকে গ্রেফতারের চেষ্টা করলে তিনি নিজের গলায় ছুরি ধরে আত্মহত্যার হুমকি দেন। পরে কৌশলে তাকে আটক করা হয়।
অভিযানের সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।




