শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে দেশের তিন জেলার গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইলেও তাদের মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ গুরুত্বপূর্ণ শিল্প এলাকাগুলোতে নিরাপত্তা কার্যক্রম চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর দপ্তর থেকে প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করে মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে।



