পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগোষ্ঠীর অধিকার ও স্বাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। তিনি বলেছেন, নিজেদের অধিকার ফিরে না পেলে অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়বে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঊষাতন তালুকদার বলেন, এম এন লারমা নিজের জীবন উৎসর্গ করেছেন এবং অসংখ্য কর্মী অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হলে জুম্ম জনগণের অধিকার ও স্বাধিকার প্রতিষ্ঠার অসমাপ্ত লক্ষ্য পূরণ করতে হবে। এ জন্য আত্মজিজ্ঞাসার মধ্য দিয়ে নতুন সংকল্প নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, পৃথিবীতে টিকে থাকতে হলে লড়াই করার সক্ষমতা থাকতে হয়। যারা নিজেদের অধিকারের জন্য সংগ্রাম করতে জানে, তারাই অস্তিত্ব রক্ষা করতে পারে।
এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে প্রভাতফেরি বের করা হয়। শহরের বনরূপাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একই স্থানে ফিরে আসে। পরে এম এন লারমার অস্থায়ী বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত আলোচনা ও স্মরণসভায় শোক প্রস্তাব পাঠ করেন গিরিসুর শিল্পীগোষ্ঠীর সভাপতি জয়তি চাকমা ইনু এবং পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সভাপতি মনি চাকমা।
সভায় আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য গুণেন্দু বিকাশ চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক রিনা চাকমা এবং শোক দিবস পালন কমিটির সদস্য সচিব জুয়েল চাকমা।
বক্তারা বলেন, জুম্ম জনগোষ্ঠীর অস্তিত্ব ও অধিকার রক্ষা এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে এম এন লারমার আদর্শ অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ লক্ষ্যে সম্মিলিত আন্দোলন আরও গতিশীল করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।