সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। সোমবার (১৯ অক্টোবর) মানিকগঞ্জ সদর উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুঃখ-দুর্দশা কমাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তাদের পাশে থাকার ধারাবাহিকতা বর্তমান সরকারও বজায় রাখছে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জানান, এবার সনাতন ধর্মাবলম্বীদের জন্য আগের চেয়ে বেশি সহায়তার ব্যবস্থা করা হয়েছে। চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। পাশাপাশি প্রতিটি সংসদীয় আসনের জন্য ৪ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেই অর্থ বিতরণ সম্পন্ন হয়েছে। দুর্গাপূজায় পরার জন্য প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে আফরোজা খানম দেশের স্বার্থে ও স্থানীয় উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। মানিকগঞ্জের উন্নয়নে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী গৌরাঙ্গ বাবু প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের নিয়মিত সহযোগিতা করায় খাদ্যমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
শাড়ি বিতরণ শেষে খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজার শুভেচ্ছা জানান এবং বিভিন্ন মণ্ডপে আর্থিক অনুদান দেন।